...|...|...

সারাদেশ

এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও উদযাপন নেই, আগেই হত্যার শিকার রাকিব

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ৯:২০
Shares
এইচএসসিতে জিপিএ-৫ পেয়েও উদযাপন নেই, আগেই হত্যার শিকার রাকিব

হত্যার শিকার রাকিব। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মেধাবী শিক্ষার্থী খাদেমুল ইসলাম রাকিব। তবে এমন সাফল্যের দিনে পরিবারের পাশে থাকার কথা থাকলেও রাকিব আর বেঁচে নেই। নীলফামারীর ডিমলা থেকে মাটির নিচে পুঁতে রাখা তার লাশ উদ্ধারের ঘটনায় আনন্দের বদলে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন ছেলের জিপিএ-৫ পাওয়ার খবর পরিবারকে গর্বিত করলেও সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় গভীর বেদনায়। গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের দাদির আটা গ্রামের বাসিন্দা রাকিবের এই সাফল্য উদযাপনের সুযোগ পাননি স্বজনেরা।

রাকিব ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে ঢাকায় যান তিনি। উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবা করা এবং মা-বাবার মুখ উজ্জ্বল করাই ছিল তার স্বপ্ন।

পরিবারের প্রত্যাশা ছিল, ছেলে ভালো ফল করলে বাড়িতে মিষ্টি বিতরণ করবেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু সেই প্রতীক্ষিত ফল প্রকাশের দিনটি পরিবারের জন্য হয়ে উঠেছে শোকের দিন। যে বাড়িতে আনন্দ-উৎসবের আয়োজন হওয়ার কথা ছিল, সেখানে এখন শুধুই কান্না আর সন্তান হারানোর বেদনা।

রাকিবের বড় ভাই জহিরুল ইসলাম জীবন তার ছোট ভাইয়ের জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ছোট ভাইয়ের এমন কৃতিত্বে পরিবার গর্বিত হলেও তাকে পাশে না পাওয়ার কষ্ট কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনেরা।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর ঢাকায় রাকিবকে হত্যার অভিযোগে আব্দুল্লাহ মামুনকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, রাকিবকে হত্যার পর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করা হয়। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছিল। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় পরিবার চার লাখ টাকা দিলেও শেষ পর্যন্ত রাকিবকে ফিরে পায়নি। পরে নীলফামারীর ডিমলা থেকে মাটির নিচে পুঁতে রাখা তার লাশ উদ্ধার করে পুলিশ।

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দ আর প্রিয় সন্তানকে হারানোর শোক- দুই বিপরীত অনুভূতির ভারে ভেঙে পড়েছে রাকিবের পরিবার। যে সাফল্যকে ঘিরে বাড়িতে আনন্দের আয়োজন হওয়ার কথা ছিল, সেই সাফল্যই আজ স্বজনদের কাছে হয়ে উঠেছে এক বেদনাবিধুর স্মৃতি।