...|...|...

ধর্ম

ঋণ থেকে মুক্তির জন্য রাসুল (সা.)-এর শেখানো ৪ দোয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, রাত ১১:৩৯
Shares
ঋণ থেকে মুক্তির জন্য রাসুল (সা.)-এর শেখানো ৪ দোয়া

ছবি: সংগৃহীত

ঋণের বোঝা মানুষের আর্থিক সংকটের পাশাপাশি মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তাও বাড়িয়ে দেয়। এ কারণে ইসলাম অপ্রয়োজনে ঋণ গ্রহণ থেকে বিরত থাকতে এবং প্রয়োজনের তাগিদে ঋণ নিলে তা যথাসময়ে পরিশোধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি ঋণের ভার ও জীবনের নানা সংকট থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিভিন্ন দোয়া শিখিয়েছেন।

হাদিসে বর্ণিত ঋণ ও দুশ্চিন্তা থেকে মুক্তির কয়েকটি দোয়া তুলে ধরা হলো-

১. গুনাহ ও ঋণ থেকে আশ্রয় চাওয়ার দোয়া
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) নামাজে আল্লাহর কাছে গুনাহ ও ঋণ থেকে মুক্তির জন্য এ দোয়া পড়তেন।

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল মা’ছামি ওয়াল মাগরাম।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে গুনাহ ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি।

সূত্র: সহিহ বোখারি, হাদিস: ২৩৯৭। 

২. দুশ্চিন্তা ও ঋণের বোঝা থেকে মুক্তির দোয়া

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) দুশ্চিন্তা, অসহায়ত্ব ও ঋণের ভার থেকে মুক্তির জন্য নিয়মিত এ দোয়া পাঠ করতেন।

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি, ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া দালা’ইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ, অপারগতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা এবং ঋণের বোঝা ও মানুষের দমন-পীড়ন থেকে আশ্রয় প্রার্থনা করছি।

সূত্র: সহিহ বোখারি, হাদিস: ২৮৯৩। 

৩. অলসতা, বার্ধক্য ও ঋণ থেকে আশ্রয়ের দোয়া

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, অলসতা, বার্ধক্য, গুনাহ ও ঋণসহ বিভিন্ন সংকট থেকে রক্ষা পেতে রাসুলুল্লাহ (সা.) আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। তার শেখানো একটি দোয়ার অংশ হলো-

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল কাসালি, ওয়াল হারামি, ওয়াল মা’ছামি, ওয়াল মাগরামি।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে অলসতা, জরাগ্রস্ত বার্ধক্য, গুনাহ ও ঋণ থেকে আশ্রয় প্রার্থনা করছি।

সূত্র: সহিহ বোখারি, হাদিস: ৬৩৬৮। 

ইসলামে প্রয়োজনের তাগিদে ঋণ গ্রহণের অনুমতি থাকলেও তা পরিশোধের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তাই ঋণমুক্ত হতে নিয়মিত দোয়া পাঠের পাশাপাশি ব্যয় নিয়ন্ত্রণ, সৎ উপার্জন ও ঋণ পরিশোধের আন্তরিক চেষ্টা করা উচিত।