তাবলিগ জামাতে চিল্লা ও চার মাস সময় দেওয়া নিয়ে আলেম-উলামা এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সতর্ক করার পর নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মুফতি আবুল কাসেম নোমানী। তিনি জানিয়েছেন, তার বক্তব্য তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরোধিতা করে নয়; বরং মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিতর্কিত চিন্তাধারা ও তার অনুসারীদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।
এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) দেওবন্দ মাদ্রাসায় বুখারি শরিফের দরস চলাকালে আলেম-উলামা ও শিক্ষার্থীদের উদ্দেশে সতর্কবার্তা দেন মুফতি আবুল কাসেম নোমানী। তবে তার বক্তব্যের প্রেক্ষাপট নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় পরবর্তী সময়ে জরুরি বার্তা দিয়ে নিজের অবস্থান ও বক্তব্যের উদ্দেশ্য পরিষ্কার করেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, দরসে দেওয়া বক্তব্যে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, আট-নয় বছর মাদ্রাসায় দ্বীনি শিক্ষা অর্জনের পর চিল্লা কিংবা চার মাসের জন্য তাবলিগে বের হয়ে অর্জিত ইলমের ক্ষতি করা অত্যন্ত দুঃখজনক। যারা বৃদ্ধ মা-বাবাকে রেখে তাবলিগে সময় দিতে বের হন, তাদের মনে রাখা উচিত, মা-বাবার সেবা করাও এক ধরনের জিহাদ।
মাদ্রাসার ফুজালা ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে নিজেদের প্রতি সদয় হওয়া উচিত। শিক্ষকদের দীর্ঘদিনের পরিশ্রমের মর্যাদা রক্ষা করে অর্জিত ইলমকে কাজে লাগাতে হবে। দ্বীনি শিক্ষাদান, ইমামতি ও অন্যান্য ধর্মীয় খেদমতে মূল্যবান সময় ব্যয় করার পরামর্শও দেন তিনি।
মাওলানা সাদের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ
জরুরি বার্তায় মুফতি নোমানী দাবি করেন, গত দেড় মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাওলানা সাদের অনুসারীদের ৫০ জনের বেশি সদস্যের একটি জামাত দারুল উলুম দেওবন্দে এসেছে। তারা শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে প্রতিষ্ঠানের অবস্থানের বিরুদ্ধে গোপনে মানসিকতা তৈরির চেষ্টা করেছে। এ সময় শিক্ষকদের মর্যাদা নিয়েও অনুপযুক্ত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এমনকি শিক্ষার্থীদের মধ্যে ওই বিতর্কিত চিন্তাধারার ভিত্তিতে এক বছর ও চিল্লায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রবণতাও দেখা গেছে বলে জানান তিনি।
মুফতি নোমানী আরও বলেন, গত ৪ অক্টোবর ২০২৬ ভোপালে মাওলানা মুহাম্মদ সাদের দেওয়া বক্তব্য আলেমসমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। ওই বক্তব্যের পর দারুল উলুম দেওবন্দে বিভিন্ন স্থান থেকে চিঠি আসছে। অনেকে ফোন করেও এ বিষয়ে প্রতিষ্ঠানের অবস্থান জানতে চাইছেন।
তার ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ বছর আগে মাওলানা মুহাম্মদ সাদের কিছু চিন্তাধারা ও বক্তব্যের বিষয়ে দারুল উলুম দেওবন্দ আপত্তি জানিয়েছিল। সাম্প্রতিক বক্তব্যেও সেসব বিষয় আবার উঠে এসেছে। পাশাপাশি প্রকাশ্য সমাবেশে হকপন্থি আলেমদের ‘জাহেল’ ও ‘সুন্নতের দুশমন’ বলে আখ্যায়িত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব বিতর্কিত মতাদর্শের প্রচার-প্রসারের ক্ষেত্রে বাইআত নেওয়ার বিষয়টিও উদ্বেগজনক বলে মন্তব্য করেন মুফতি নোমানী।
দাওয়াতি কাজে লেখালেখির গুরুত্ব তুলে ধরেন
মাওলানা সাদের কিছু বক্তব্যের সমালোচনা করে মুফতি নোমানী বলেন, কলমের মাধ্যমে দাওয়াতের দায়িত্ব পালন হয় না বলে যে ধারণা প্রচার করা হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বের বিভিন্ন শাসকের কাছে দাওয়াতি চিঠি পাঠিয়েছেন।
একইভাবে মসজিদের বাইরে শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা সুন্নতবিরোধী বলে প্রচার করাকেও তিনি আপত্তিকর বলে উল্লেখ করেন।
মুফতি নোমানীর মতে, এ ধরনের বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যুগে যুগে আকাবির ও পূর্বসূরি মনীষীদের দ্বীনি, দাওয়াতি, শিক্ষামূলক ও সংশোধনমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলেমরা সংশোধনের চেষ্টা করেছেন, চিঠিপত্র লিখেছেন এবং বিভিন্নভাবে নসিহত করেছেন। কিন্তু সংশোধনের পরিবর্তে বিতর্কিত বক্তব্য ও মতাদর্শের ব্যাপারে অনড় মনোভাব দেখা যাচ্ছে।
এ অবস্থায় প্রত্যেক আলেমের দায়িত্ব হলো নিজেদের সংশ্লিষ্ট ব্যক্তি, অনুসারী ও সাধারণ মানুষকে এসব বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে অবহিত করা। একই সাথে মাদ্রাসার দায়িত্বশীল, মুহতামিম ও শিক্ষকদের শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন করার আহ্বান জানান তিনি।
তাবলিগের সামগ্রিক কার্যক্রম নিয়ে আপত্তি নেই
মুফতি নোমানী বলেন, তাবলিগ জামাত আকাবিরদের মেহনত, ত্যাগ, দরদ ও দ্বীনি ফিকিরের ফসল। কিন্তু কিছু ব্যক্তি এ মহান দাওয়াতি মেহনতকে নিজেদের বিতর্কিত মতাদর্শ প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন। তাই দারুল উলুম দেওবন্দের আপত্তি তাবলিগ জামাতের সামগ্রিক কার্যক্রমের বিরুদ্ধে নয়; বরং নির্দিষ্ট ব্যক্তির বিতর্কিত চিন্তাধারা ও কর্মকাণ্ডের বিরুদ্ধে।
সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মাওলানা মুহাম্মদ সাদের বক্তব্য শোনা সমীচীন নয়। বিশেষ করে তার বিতর্কিত চিন্তাধারা সম্পর্কে যথাযথ জ্ঞান ও সচেতনতা না থাকলে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হতে পারেন।
তিনি আরও দাবি করেন, দারুল উলুম দেওবন্দ কোনো খণ্ডিত ভিডিও ক্লিপ বা অসম্পূর্ণ বক্তব্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। বরং মাওলানা মুহাম্মদ সাদের পূর্ণাঙ্গ বক্তব্য শুনে, যাচাই-বাছাই ও বিস্তারিত পর্যালোচনার পর নিজেদের অবস্থান নির্ধারণ করেছে।
এ-সংক্রান্ত ঘটনা, বক্তব্য, চিঠিপত্র ও বিরোধের পূর্ণাঙ্গ বিবরণ সাত থেকে আট খণ্ডে সংকলন করে প্রতিষ্ঠানের সংরক্ষণাগারে রাখা হয়েছে বলেও জানান তিনি।
বার্তার শেষাংশে মুফতি আবুল কাসেম নোমানী বলেন, বিষয়টিকে তাবলিগ জামাতের বিরোধিতা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি দ্বীনের হেফাজত, আকাবিরদের প্রতিষ্ঠিত নীতিমালা সংরক্ষণ এবং বিতর্কিত ও বিভ্রান্তিকর চিন্তাধারা থেকে উম্মাহকে সতর্ক করার বিষয়।


