...|...|...

রাজধানী

উত্তাল মিরপুর, শ্রমিকদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
উত্তাল মিরপুর, শ্রমিকদের সাথে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সাথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নারী শ্রমিকদের কয়েকজনকে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনার পর কারখানা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ‘লোড স্টার ফ্যাশন’ ও ‘মিড এশিয়া ফ্যাশন’ কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে ওই কারখানাগুলোর শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসেন।

সূত্রের তথ্য অনুযায়ী, এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সাথে বিএনপির নেতাকর্মীদের বিরোধ শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরও এলাকায় উত্তেজনা পুরোপুরি কাটেনি।

অন্যদিকে, মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় এখন পর্যন্ত শ্রমিকদের সড়কে অবস্থান নেওয়ার খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

তবে মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকালে কাফরুলে কিছুটা সমস্যা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন আছেন।