...|...|...

বিশ্ব

ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে ‘ভয়ঙ্কর’ জবাব দেওয়া হবে: হুথি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, রাত ১:৫৪
Shares
ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়ালে ‘ভয়ঙ্কর’ জবাব দেওয়া হবে: হুথি

ছবি: সংগৃহীত

ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে মার্কিন স্বার্থের ওপর দ্রুত ও কঠোর আঘাত হানার হুমকি দিয়েছে ইয়েমেনের শক্তিশালী সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি। অন্যদিকে রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১২ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হুথির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে পড়ে, তবে আমরা জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয়বার ভাবব না। বরং এর জবাবে যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তাদের সমস্ত স্বার্থকে লক্ষ্য করে একটি দ্রুত ও বেদনাদায়ক আঘাত হানা হবে।

একই সাথে সৌদি আরবের তেল স্থাপনা এবং বিমানবন্দরের সাথে যুক্ত সকল কর্মকর্তা ও শ্রমিকদের এসব সাইট থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে হুথি নেতা বলেন, এসব স্থাপনা এখন থেকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।

এর আগে, গত শনিবার রিয়াদ বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় ১৩ জন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে জানান যে, ইরান সমর্থিত এই গোষ্ঠীর বিরুদ্ধে সৌদি আরবের বিমান হামলায় যুক্তরাষ্ট্রের যোগ দেওয়ার বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

এই হামলাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে ট্রাম্প জানান, তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এ বিষয়ে কথা বলবেন এবং মার্কিন প্রশাসন পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।