ইয়েমেনে সংঘাত ও সহিংসতা বেড়ে যাওয়ায় গত আগস্টের শুরু থেকে ৩ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু গত এক সপ্তাহেই ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ২৪ হাজারের বেশি মানুষ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর (ওসিএইচএ) বলেছে, সহিংসতার কারণে স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারগুলো ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভুগছেন বেসামরিক মানুষ।
গত ৫ অক্টোবর থেকে ইয়েমেন সরকার ‘ডন অব ইয়েমেন’ নামে সামরিক অভিযান চালাচ্ছে। প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি জানিয়েছেন, হুতি গোষ্ঠীর কাছ থেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়া এবং রাজধানী সানার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার এ অভিযানের লক্ষ্য।
ওসিএইচএ জানায়, গত আগস্টের শুরু থেকে এ পর্যন্ত ২৮৯ জন বেসামরিক হতাহতের ঘটনা যাচাই করেছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। এর মধ্যে নিহত হয়েছেন ৭২ জন এবং আহত ২১৭ জন। নিহতদের অর্ধেকই শিশু। মোট হতাহতের প্রায় দুই-তৃতীয়াংশ নারী ও শিশু।
সংঘাতে স্বাস্থ্যসেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর লাহিজ প্রদেশের আল-সাকিয়া স্বাস্থ্যকেন্দ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়। এতে তিন স্বাস্থ্যকর্মী নিহত এবং চারজন আহত হন। এর চার দিন পর তাইজ শহরের দুটি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় ১২ হাজার মানুষের জরুরি স্বাস্থ্যসেবা ঝুঁকিতে পড়েছে।
ওসিএইচএর বরাতে ডব্লিউএইচও জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে ২৮টি স্বাস্থ্যকেন্দ্র ও সাতটি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এ ছাড়া ১৩ জন স্বাস্থ্যকর্মী নিহত কিংবা আহত হয়েছেন।
বাস্তুচ্যুত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি তাইজ প্রদেশে। সেখানে এক লাখ ৪০ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। তাইজ শহরে চলাচলেও বিধিনিষেধ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার শহরে মাত্র ৪০০ বস্তা গমের আটা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
যাতায়াতের পথে বিধিনিষেধের কারণে বাণিজ্যিক পরিবহন ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট, অস্থিরতা বাড়ছে বাজারে। এ ছাড়া স্থানীয় ব্যাংকগুলো ব্যক্তিগত নগদ অর্থ উত্তোলন সীমিত করেছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতেও মানবিক সহায়তা সংস্থাগুলো ২ লাখ ৫৫ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু। মঙ্গলবার তাইজ ও এডেনে ৬ হাজার ২০০-এর বেশি মানুষকে বিশুদ্ধ পানি ও পানি সংরক্ষণের পাত্র দেওয়া হয়। পাশাপাশি হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসামগ্রী নিয়ে যায় ১১টি ট্রাক।
বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইয়েমেনজুড়ে, বিশেষ করে তাইজ শহরে, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ওসিএইচএ।
২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কিছুটা স্থিতিশীলতা এসেছিল ইয়েমেনে। তবে গত জুলাই থেকে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা শুরু হয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি গোষ্ঠী রাজধানী সানা ও কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকেই দেশটিতে সংঘাত চলছে। এর জেরে ২০১৫ সালের মার্চে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।


