ইয়েমেনের চলমান সংঘাতে সামরিকভাবে জড়িত থাকার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইয়েমেনে ইরানের সামরিক বিশেষজ্ঞদের উপস্থিতির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস সম্প্রতি ইয়েমেন সংঘাতে ইরানের হস্তক্ষেপের অভিযোগ তোলেন। ইইউর এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করে হুথিদের সামরিক সহায়তা দেওয়া হচ্ছে। ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষকে এ ধরনের সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়।
এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেন, নিষেধাজ্ঞা ও অবরোধের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনে ভূমিকা রাখছে ইউরোপীয় ইউনিয়ন।
বাঘাই বলেন, ইয়েমেনে ইরানের সামরিক বিশেষজ্ঞরা কাজ করছেন বলে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। জনমতকে বিভ্রান্ত করতেই এমন অভিযোগ ছড়ানো হচ্ছে।
তিনি আরও বলেন, ইয়েমেনের জনগণ বিদেশি সহায়তা ছাড়াই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা ও দৃঢ় সংকল্প রাখে।
ইরানের এই মুখপাত্রের মতে, ইয়েমেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দেশটির জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান জানাতে হবে। একই সঙ্গে আগে সম্মত হওয়া সৌদি-ইয়েমেনি শান্তি রোডম্যাপের ভিত্তিতে সংলাপ এগিয়ে নিতে হবে।
তিনি জানান, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় যেকোনো কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তা করতে তেহরান প্রস্তুত রয়েছে।


