...|...|...

সোশ্যাল মিডিয়া

ইসলামি বক্তা মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, রাত ১১:০২ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৫৫
Shares
ইসলামি বক্তা মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর মীম

কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ছবি: সংগৃহীত

ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহর ‘দশম স্ত্রী’ হতে চেয়ে ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি। এরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পোস্টে মীম লেখেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’

প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার জনের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। মন্তব্য এসেছে ৪৯২৭টি এবং পোস্টটি শেয়ার হয়েছে ৮৬ বার। মন্তব্যের ঘরে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যায়।

মীমের এই পোস্টের পর মিসবাহর ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে সম্প্রতি যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে।

গত ২০ আগস্ট মিসবাহর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে মিসবাহর সাথে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেছিলেন। পরে হুমায়রা জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। অভিযোগ অনুযায়ী, এসব বিয়ের কোনোটি কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, হুমায়রা জান্নাত মিসবাহর পঞ্চম স্ত্রী। এরপর তিনি আরও চারটি বিয়ে করেছেন—এ হিসেবে মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে। একই সাথে একাধিক নারীর সাথে পরকীয়ার অভিযোগও রয়েছে বলে দাবি করেন তিনি।