শরীয়তপুর জেলা যুবদলের দফতর সম্পাদক আশিক মাদবরকে (জিয়া) তথ্য গোপনের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য গোপন করায় জেলা যুবদলের সুপারিশকৃত আশিক মাদবরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত ৮ অক্টোবর আশিক মাদবরকে শরীয়তপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি এর আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দফতর ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সংগঠনটির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।
আশিক মাদবরকে জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।
তাদের অভিযোগ ছিল, বিএনপির দুঃসময়ে দলের সাথে থাকা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে অন্য রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করা একজনকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, তিনি অন্য কোনো দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এমন তথ্য আমাদের জানা ছিল না। বিষয়টি জানার পরই আমরা হাইকমান্ডকে জানিয়েছি। পরে তাকে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


