...|...|...

জাতীয়

ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৯ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৪৫
Shares
ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিমানবন্দরে এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম সুমরো এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তান সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরকালে তিনি দেশটির রাজধানী ইসলামাবাদ ছাড়াও লাহোর ও করাচি পরিদর্শন করবেন।

স্পিকারের সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের পাঁচ সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।