ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন গাদি আইজেনকোটের ঘনিষ্ঠ মিত্র মাতান কাহানা। এর মধ্য দিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের নেওয়া বিতর্কিত সিদ্ধান্তগুলো বাতিলের পথ আরও সহজ হলো।
সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) ১২০ সদস্যের পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৬৬ ভোট পেয়ে স্পিকার নির্বাচিত হন কাহানা। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টির প্রার্থী ওফির কাটজ পেয়েছেন ৫২ ভোট। সাত ঘণ্টার বেশি সময় ধরে উত্তপ্ত বিতর্কের পর এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
নির্বাচিত হওয়ার পর কাহানা বলেন, ‘জাতি, ধর্ম কিংবা লিঙ্গ নির্বিশেষে আমি সবার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করব।’
৫৪ বছর বয়সী কাহানা ইসরায়েলের সাবেক বিশেষ বাহিনীর সদস্য। বুধবার থেকেই তিনি নেতানিয়াহু সরকারের নেওয়া বিভিন্ন নীতি, বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার বিতর্কিত সংস্কারগুলো বাতিলের প্রক্রিয়া শুরু করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে আইজেনকোট কিংবা নেতানিয়াহু—কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাননি। নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি এবং আইজেনকোটের জোট ৪৮টি আসন পায়। অন্যদিকে আরব সংখ্যাগরিষ্ঠ দুটি দল রেকর্ড ১৯টি আসন লাভ করে।
মঙ্গলবার আরব সংখ্যাগরিষ্ঠ দল দুটির সমর্থনেই স্পিকার নির্বাচিত হন কাহানা। ভোটাভুটির সময় একজন আরব আইনপ্রণেতা অনুপস্থিত ছিলেন।
এর আগে রোববার জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের দল বৈঠক করে। তবে দুজনই প্রধানমন্ত্রী হওয়ার দাবি জানানোয় আলোচনায় অগ্রগতি হয়নি।
এদিকে ইরানের হুমকির কথা তুলে ধরে ঐক্য সরকার গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি চাপ দিচ্ছেন বলেও খবর রয়েছে।
অন্যদিকে আইজেনকোট জানিয়েছেন, ক্ষমতায় গেলে বিচার বিভাগের স্বাধীনতা সীমিত করতে নেতানিয়াহু সরকারের নেওয়া সংস্কারগুলো বাতিল করবেন তিনি। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন।
তবে নেতানিয়াহু স্বাধীন তদন্তের বিরোধিতা করে রাজনীতিকদের মনোনীত সদস্যদের নিয়ে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন।
আইজেনকোটের ইয়াশার পার্টির সদস্য কাহানা এর আগে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত নেতানিয়াহুবিরোধী সরকারে ধর্মীয় সেবাবিষয়ক মন্ত্রী ছিলেন। সে সময় প্রধান রাব্বিনেটের ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়ে কট্টরপন্থী ইহুদিদের বিরোধিতার মুখে পড়েন তিনি।
নতুন স্পিকার হিসেবে কাহানা নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন। ওহানা ২০২২ সাল থেকে এ পদে দায়িত্ব পালন করছিলেন।


