...|...|...

বিশ্ব

ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১:৪৩
Shares
ইসরায়েলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করল কাতার

ছবি: সংগৃহীত

ইসরায়েলের সংসদীয় নির্বাচনে হস্তক্ষেপ ও ফলাফল প্রভাবিত করতে অর্থায়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাতার। দেশটির দাবি, নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধে কাতারকে জড়ানোর চেষ্টা করছেন ইসরায়েলি রাজনীতিবিদরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ইসরায়েলি রাজনীতিবিদ ও তাদের সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত অভিযোগগুলো নাকচ করেন। তিনি এসব অভিযোগকে কাতারের বিরুদ্ধে অপপ্রচারের অংশ বলে অভিহিত করেন।

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিনি দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর এ বিতর্ক শুরু হয়। এরপর ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা আরব রাজনৈতিক দলগুলোর কথিত বিদেশি অর্থায়ন নিয়ে তদন্তের দাবি জানান।

ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর নেতাদের গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিখও সংশ্লিষ্ট নেতাদের জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি ঘটনাটিকে ‘রাআম-গেট’ আখ্যা দিয়ে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ করেছে।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো তদন্তমূলক বা গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গও অভিযোগগুলোর ভিত্তি প্রমাণের মতো তথ্য থাকার কথা জানাননি।

আল-আনসারি বলেন, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি বা নির্বাচনী প্রতিযোগিতায় কাতারের কোনো আগ্রহ নেই। ইসরায়েলি রাজনীতিবিদদের নিজেদের রাজনৈতিক ব্যর্থতার দায় কাতারের ওপর চাপানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে আটটি কম। অন্যদিকে, বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। ফিলিস্তিনি দলগুলোর আসনসংখ্যা বেড়ে যাওয়ায় সরকার গঠনের সমীকরণ আরও জটিল হয়েছে।