...|...|...

জাতীয়

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন তার প্রেস কর্মকর্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৫
Shares
ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন তার প্রেস কর্মকর্তা

ছবি: সংগৃহীত

গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে লাইসেন্সকৃত অস্ত্র হাতে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের পর মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণাকে রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন তার প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজ ভেরিফাই ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মাহফুজ কবির মুক্তা বলেন, সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দলীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইশরাক হোসেন যেভাবে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন, তা দেশের রাজনীতিতে বিরল ও অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে ষড়যন্ত্রের ফলে সৃষ্ট বিতর্ক ইশরাক যেভাবে মেনে নিয়েছেন, তা প্রমাণ করে তিনি ক্ষমতার মোহে অন্ধ নন; বরং একজন আদর্শিক নেতা। মন্ত্রিত্ব বা পদ-পদবি বড় কথা নয়, ইশরাক হোসেন তৃণমূলের সাধারণ মানুষের হৃদয়ে আছেন এবং থাকবেন।

পোস্টে মাহফুজ কবির মুক্তা আরও বলেন, ক্ষমতার বলয়ের বাইরে এসেও মাঠপর্যায়ের কর্মী হিসেবে ঢাকা-৬ আসনে মাদক নির্মূল ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার যে প্রত্যয় ইশরাক ব্যক্ত করেছেন, তা প্রশংসনীয়।

তিনি ইশরাক হোসেনের উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ কামনা করে বলেন, আগামী দিনে তিনি আরও শক্তিশালী ও দূরদর্শী গণমানুষের নেতা হিসেবে জনগণের সেবায় নিবেদিত থাকবেন এটাই প্রত্যাশা।