মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। একই সাথে ইশরাকের পদত্যাগের খবর ছড়ানোর পেছনে পূর্ণমন্ত্রী পার্থের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (১৮ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল প্রতিমন্ত্রী ইশরাকের কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া।’
তিনি আরও লেখেন, ‘এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।’
ইশরাকের পদত্যাগের খবরকে কেন্দ্র করে বিএনপির ভেতরের একটি অংশের অবস্থান নিয়েও মন্তব্য করেন হাসনাত। তার ভাষ্য, ‘মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।’
পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত।’
এর আগে, রবিবার রাতে কয়েকটি সংবাদমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়। তবে প্রকাশিত প্রতিবেদনগুলোতে এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল।
ইশরাক হোসেন সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেওয়ায় আলোচনায় আসেন। এ ঘটনায় আইন লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ।


