...|...|...

বিশ্ব

ইরানি এমপির হুঁশিয়ারি

ইরানে ফের হামলা হলে লক্ষ্যবস্তু হবে ইউরোপ, তেলের দাম হবে ১৫০ ডলার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪২
Shares
ইরানে ফের হামলা হলে লক্ষ্যবস্তু হবে ইউরোপ, তেলের দাম হবে ১৫০ ডলার

ছবি: এআই

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক হামলা চালালে পাল্টা আঘাতের পরিধি ইউরোপ পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সংসদ সদস্য হোসেইন আলি হাজি দেলিগানি। তার দাবি, এমন পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আওতায় ইউরোপও আসতে পারে। একই সাথে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে।

তাসনিমকে দেওয়া বক্তব্যে দেলিগানি বলেন, পাল্টা হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের পাল্লা ইউরোপ পর্যন্ত বিস্তৃত হবে। এর ফলে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছাড়িয়ে যাবে।

ইরানি এই আইনপ্রণেতা আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফের হামলা চালালে তেহরানের প্রতিক্রিয়া শুধু আক্রান্ত এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। হামলার ধরন কিংবা ভৌগোলিক অবস্থান বিবেচনা না করেই ইরান ব্যাপক ও বহুগুণ শক্তিশালী পাল্টা জবাব দেবে।

তার ভাষায়, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ হবে ‘ব্যাপক, বহুগুণ শক্তিশালী ও কৌশলগত’। ফলে নতুন কোনো হামলার পরিণতি শুধু মধ্যপ্রাচ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে সতর্ক করেন তিনি।

এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ নিয়েও কঠোর অবস্থান ব্যক্ত করেছেন দেলিগানি। তিনি এই অবরোধকে ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধের একটি ধরন’ হিসেবে আখ্যায়িত করেন।

একই সাথে মার্কিন নৌ অবরোধের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ‘উপযুক্ত সময়ে’ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।