...|...|...

বিশ্ব

ইরানে ফের হামলা হলে বহুগুণ বড় জবাবের হুঁশিয়ারি তেহরানের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, রাত ৯:৩৮
Shares
ইরানে ফের হামলা হলে বহুগুণ বড় জবাবের হুঁশিয়ারি তেহরানের

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক পদক্ষেপ নেওয়া হলেও এর জবাব বহুগুণ বড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৪ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, মোহেব্বি ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের হুমকিকে গণমাধ্যমকেন্দ্রিক বাগাড়ম্বর হিসেবে উল্লেখ করেন। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কার্যকর সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা প্রতিপক্ষের নেই।

মোহেব্বি বলেন, অতীতে নেওয়া সামরিক পদক্ষেপের পুনরাবৃত্তি ঘটলে প্রতিপক্ষকে আবারও পরাজয়ের মুখে পড়তে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুপক্ষ সীমিত কোনো পদক্ষেপ নিলেও ইরানের প্রতিক্রিয়া হবে বহুগুণ বড়।

এদিকে, তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে এই সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে। শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়া এক সাক্ষাৎকারে তাঁকে এ কথা বলতে শোনা যায়।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রদূতের এই মন্তব্য সম্পর্কে নিজের অজ্ঞতার কথা জানিয়েছেন। সাংবাদিকেরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, তাঁর রাষ্ট্রদূত এমন মন্তব্য করেছেন কি না, তা তিনি জানেন না।

এ ছাড়া, মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের অবসানে যুদ্ধবিরতি ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা হলেও হরমুজ প্রণালীতে নৌ-চলাচলসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। ফলে সংঘাতের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত।