...|...|...

বিশ্ব

ইরানে দখলদার হতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৫৫
Shares
ইরানে দখলদার হতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার শক্তি’ হিসেবে আবির্ভূত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ওয়াশিংটনের হাতে রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নাসার একটি স্থাপনায় বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প।

এ সময় ইরানের সঙ্গে চলমান সংঘাতের তুলনা করেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে। ট্রাম্পের দাবি, শুধু অক্টোবরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এটিকেই প্রকৃত যুদ্ধ হিসেবে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতকে যুদ্ধ বলতে নারাজ ট্রাম্প। তাঁর দাবি, গত কয়েক মাসে এই সংঘাতে কেউ হতাহত হয়নি।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো কেবল একটি দখলদার শক্তি। আমরা দখলদারও হতে পারি।’

হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছি। এই প্রণালী দিয়ে এখন ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বেশি তেল বের করছি।’

এদিকে শুক্রবার ইরানের কেশম দ্বীপের কাছে মার্কিন হামলার বিষয়ে জানতে চাইলে প্রথমে মন্তব্য করতে চাননি ট্রাম্প। পরে সীমিত সামরিক অভিযানের কথা স্বীকার করে বলেন, ‘আমরা ছোটখাটো হামলা চালাই।’

তাঁর দাবি, ইরানি বাহিনীর তৈরি একটি বিমানবিধ্বংসী স্থাপনা কয়েক মিনিটের মধ্যেই ধ্বংস করেছে মার্কিন বাহিনী।

তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের বক্তব্য, গুরুত্বপূর্ণ এই নৌপথের কৌশলগত নিয়ন্ত্রণ তাদের হাতেই রয়েছে। নিজেদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি পুরোপুরি খুলে দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে শান্তিচুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও এখন পর্যন্ত চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ।