নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সাথে থাকা শীম সীমান্ত ক্রসিং দিয়ে যাত্রী, যানবাহন ও বাণিজ্যিক ট্রাক চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইরাক সরকার।
বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত ক্রসিংয়ের দায়িত্বে থাকা দুটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সীমান্তটি পুরোপুরি বন্ধ থাকবে।
অন্য একটি সূত্র জানিয়েছে, সীমান্ত ক্রসিংটির ভেতরের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করার জন্যই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, ইরাকি সরকারের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছিল যে সরকার এই সীমান্ত ক্রসিংটি বন্ধের নির্দেশ দিয়েছে।
সূত্রটি আরও জানায়, এই সিদ্ধান্তের সুনির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে আগামী দিনগুলোতে ইরানের সঙ্গে থাকা আরও বেশ কয়েকটি সীমান্ত ক্রসিং পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হতে পারে।
এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। এমনকি ইরাক ও ইরানের মধ্যে থাকা মোট কতগুলো সীমান্ত ক্রসিং বন্ধ করা হবে, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি।


