ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আবেনের একটি সামরিক ক্যাম্পে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণে থাকা বিমানবন্দরটির নিকটবর্তী এলাকায় এই হামলার পর ধোঁয়া উড়তে দেখা গেছে।
বুধবার (২১ অক্টোবর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আবেন শহরে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা ও আল-জাজিরার সাংবাদিক। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণে থাকা আবেন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে বলে নিশ্চিত করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
ইয়েমেনের তাইজ থেকে প্রতিবেদন পাঠিয়ে আল-জাজিরার সাংবাদিক মহা আলী জানান, হুথি গোষ্ঠী একটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আবেন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
এদিকে, হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, আবেনের বদর ক্যাম্পে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অপারেশন রুমকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন যে, এই হামলাটি অত্যন্ত নিখুঁত এবং সরাসরি লক্ষ্যে আঘাত হেনেছে।


