ইরানের সাথে সব ধরনের বাণিজ্য ও আর্থিক লেনদেন স্থগিতের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।
আমিরাত পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এরই মধ্যে ইরান থেকে ইউএই লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগও করেছে আবুধাবি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে একটি ইউএইর আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি দেশটির জলসীমার ভেতরে আঘাত হানে বলে দাবি করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইউএই ইরানি হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। তবে পরবর্তীতে সমঝোতা কার্যক্রমের পর ইরানের পক্ষ থেকে ইউএইর ওপর নতুন কোনো হামলা হয়নি।
এদিকে ইউএইর অভিযোগ প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আবুধাবির অভিযোগ “ভিত্তিহীন”।
তিনি বলেন, ইউএইর এমন বক্তব্য সুপ্রতিবেশী সম্পর্কের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা বাড়ানোর প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।


