ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকৌশলকে ‘বড় ধরনের ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা, চুক্তি, সংকট সৃষ্টি ও চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নিজের শর্ত মানাতে চাইলেও কোনো কৌশলেই সফল হতে পারেননি।
সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে আলোচনা, সমঝোতা, সংকট ও চাপ প্রয়োগের বিভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেননি তিনি।
ইরানি এই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্প যখন ইরানকে আলোচনায় বসার আহ্বান জানান, তখন তেহরানের প্রতিক্রিয়ায় দেশটির জনগণের সাহসিকতা, আত্মত্যাগ ও প্রতিরোধের মনোভাব প্রকাশ পেয়েছে।
আজিজির মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক চাপের মুখেও নিজেদের অবস্থানে অটল রয়েছে ইরান। ওয়াশিংটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপ দেশটিকে তার অবস্থান থেকে সরাতে পারেনি বলে দাবি করেন তিনি।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং পরমাণু কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে দুই দেশের সম্পর্ক এখনো সংকটপূর্ণ। যুদ্ধ ও অর্থনৈতিক চাপের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।


