ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেছেন, ইরানের বিষয়ে বড় কিছু করতে যাচ্ছে তাঁর প্রশাসন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আলাস্কা অঙ্গরাজ্যের ওয়াসিলাতে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন ট্রাম্প। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত ওই সমাবেশে তিনি বলেন, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্র কী করতে যাচ্ছে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। ইরানের কর্মকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের ধৈর্য ফুরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনের পর ট্রাম্পের এই মন্তব্য সামনে এল। ওই প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে আলোচনা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা ও বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেওয়ার আগেই এ আলোচনা হয়েছিল।
তবে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন পদক্ষেপের বিষয়ে ট্রাম্পের বক্তব্যে নির্দিষ্ট কোনো সময়সীমা বা অভিযানের ধরন উল্লেখ করা হয়নি।


