...|...|...

বিশ্ব

সিরিয়া-লিবিয়া-জর্ডানে আকস্মিক বন্যায় দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৯
Shares
সিরিয়া-লিবিয়া-জর্ডানে আকস্মিক বন্যায় দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের তিন দেশ সিরিয়া, লিবিয়া ও জর্ডানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দুই শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবারের এই দুর্যোগে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, ভবন ও যানবাহনের ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিরিয়ার রাষ্ট্রীয় আল-ইখবারিয়া টেলিভিশন স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, দেশটির রাক্কা প্রদেশের মাাদান এলাকায় বন্যার পানিতে ভেসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এদিকে রাক্কা, দেইর এজ-জোর ও হাসাকাহসহ উত্তর-পূর্ব সিরিয়ার বিভিন্ন এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ভারী বৃষ্টির মধ্যে কর্মস্থলে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত জুমহুরিয়া ব্যাংক। অতিবৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। দেশটির জাতীয় পানি ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত পানির চাপে শহরের নিষ্কাশনব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় লিবিয়ান রেড ক্রিসেন্টের জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। ত্রিপোলির সুক আল-জুমা পৌরসভাকে দুর্যোগকবলিত ঘোষণা করে জরুরি সরকারি সহায়তা চাওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি ত্রিপোলি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এদিকে, জর্ডানের পূর্বাঞ্চলীয় রুওয়াইশেদ জেলায় আকস্মিক বন্যায় ভেসে যাওয়া ২৩ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। দেশটির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের আশঙ্কায় বাসিন্দাদের বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ছাড়া সৌদি আরব ও আলজেরিয়ায় ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কিছু এলাকাতেও বৃষ্টি ও বন্যার বিষয়ে সতর্ক করা হয়েছে।