ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, এসব একতরফা নিষেধাজ্ঞার আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই এবং তারা তা মেনে চলবে না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দারাবি বলেন, দেশগুলোর মধ্যে যেকোনো বিরোধ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
তিনি বলেন, একতরফা পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সংলাপই সমস্যার সমাধানের পথ।
এর আগে সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে বিভিন্ন বিষয়ে সুবিধা আদায়ের লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে পাকিস্তান বলছে, আন্তর্জাতিক আইনবহির্ভূত কোনো নিষেধাজ্ঞা তারা সমর্থন করে না এবং ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের পক্ষেই রয়েছে ইসলামাবাদ।


