...|...|...

বিশ্ব

ইরানি নেতাদের হত্যা বন্ধ করা উচিত: ট্রাম্প

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:৫০
Shares
ইরানি নেতাদের হত্যা বন্ধ করা উচিত: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরানের নেতৃত্ব ও সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। একই সাথে জর্জিয়ায় এক নির্বাচনী প্রচারণায় তিনি রসিকতার সুরে বলেছেন যে, ওয়াশিংটন আসলে কার সাথে আলোচনা করছে তা পরিষ্কার হওয়ার জন্য এখন ইরানি নেতাদের হত্যা করা বন্ধ করা উচিত।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের বিরোধিতার কথা পুনরায় ব্যক্ত করে জানান যে, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ইতোমধ্যেই তেহরানের শীর্ষ নেতৃত্ব ও প্রতিরক্ষা কাঠামোকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

জর্জিয়ার প্রচারণায় ট্রাম্প বলেন, আমাকে হত্যা করা বন্ধ করতে হবে... কারণ কার সাথে আমরা আলোচনা করছি, তা আমাকে আগে খুঁজে বের করতে হবে।

তিনি আরও বলেন, তাদের কোনো বিমান নেই, কোনো জাহাজ নেই, আর কিছুই নেই, কোনো নেতাই নেই। প্রথম সারির নেতা চলে গেছেন, দ্বিতীয় সারির নেতাও চলে গেছেন। এভাবে মার্কিন হামলায় ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ধ্বংস হয়ে যাওয়ার দাবি পুনরায় তুলে ধরেন তিনি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলেও অর্জিত ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি বা জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন ২০১৮ সালে তার বাতিল করার সিদ্ধান্তকে এ সময় জোরালোভাবে সমর্থন করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য অত্যন্ত সংকটময় মুহূর্তে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ট্রাম্প বলেন, আমি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তিটি বাতিল করেছি—বারাক হুসেইন ওবামার জেইসিপিওএ, যা অনেকের মতে ইরানের পারমাণবিক অস্ত্রের পথ সুগম করেছিল। সৌভাগ্যবশত আমি ঠিক সময়েই তা বাতিল করেছি।

তিনি আরও উল্লেখ করেন, আমরা ‘অপারেশন মিডনাইট হ্যামার’ এবং ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছি। এ সময় তিনি ২০২৫ ও চলতি বছরের এই সামরিক অভিযানগুলোর কথা উল্লেখ করেন।

ট্রাম্প যোগ করেন, আমরা তাদের সামরিক ও আর্থিকভাবে এবং সবদিক থেকেই পরাজিত করেছি। আমাদের এখন নিশ্চিত করতে হবে যে তাদের কাছে যেন কখনও কোনো পারমাণবিক অস্ত্র না থাকে।