ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নারী শিক্ষার্থীবাহী একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের শিক্ষার্থীরা। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, চলন্ত বাসটির চাকায় পেট্রোল বোমাটি লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে বাসে আগুন ছড়িয়ে পড়েনি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, বাসে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তিনজন ছাত্র থাকলেও অধিকাংশ যাত্রী ছিলেন নারী শিক্ষার্থী। গাড়াগঞ্জ এলাকা পার হওয়ার পর হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীকে বাসের সামনে-পেছনে অবস্থান করতে দেখেন তিনি।
সজিবের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে বাসের সামনের অংশে থাকা কয়েকজন নারী শিক্ষার্থী আগুন বলে চিৎকার করেন। পরে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান তারা। এ সময় চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে ঘটনার পর আতঙ্কিত অনেক নারী শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।
ওই শিক্ষার্থীর দাবি, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তাদের একজনের পরনে সাদা এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হয়নি।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ইবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতা মামুনুর রশীদ ফেসবুক পোস্টে আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন।


