...|...|...

অপরাধ

ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশির নাম

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুন ২০২৬, সকাল ৬:৪৮ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৫১
Shares
ইন্টারপোলের ওয়ান্টেড লিস্টে ৬০ বাংলাদেশির নাম

ছবি: এআই

সংযুক্ত আরব আমিরাতে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল (ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন)।

সংস্থাটির অফিশিয়াল ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুযায়ী, তাদের গ্লোবাল ওয়ান্টেড তালিকায় বর্তমানে ৬০ জন বাংলাদেশির নাম রয়েছে।

বিশ্বজুড়ে এই তালিকায় মোট ৬ হাজার ৪৪৪ জন ওয়ান্টেড অপরাধী অন্তর্ভুক্ত রয়েছেন, যাদের ধরতে কাজ করছে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খোঁজ নিয়ে জানা গেছে, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত বাংলাদেশি আসামির প্রকৃত সংখ্যা ওয়েবসাইটের এই হিসাবের চেয়েও অনেক বেশি। কৌশলগত কারণে সংস্থাটি সব আসামির নাম তাদের পাবলিক ওয়ান্টেড তালিকায় প্রকাশ করে না।

উদাহরণস্বরূপ, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি হলেও ওয়ান্টেড তালিকায় তার নাম প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, অভিযুক্তরা যেন সতর্ক হয়ে গা-ঢাকা দিতে না পারে, সে জন্যই সবার নাম জনসমক্ষে আনা হয় না। তবে রেড নোটিশ জারি হওয়া আসামিদের তথ্য ইন্টারপোলভুক্ত প্রায় সব দেশের নিরাপত্তা সংস্থার নিজস্ব নেটওয়ার্কে সংরক্ষিত থাকে।

প্রকাশিত তালিকায় থাকা ৬০ জন বাংলাদেশি দেশে ও বিদেশে নানা ধরনের গুরুতর অপরাধের সাথে জড়িত। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়ামের মতো দেশগুলো এসব আসামিকে খুঁজছে।

বিদেশি রাষ্ট্রগুলোর মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে চাঁদপুর সদরের রাজু ঢালীকে হত্যা মামলায় সিঙ্গাপুর এবং ঢাকার মো. মিলনকে হত্যা ও লিটন ব্যাপারীকে হত্যাচেষ্টা মামলায় খুঁজছে আফ্রিকার দেশ ইসওয়াতানি। খুনের অভিযোগে নোয়াখালীর মিজান মিয়াকে দক্ষিণ আফ্রিকা এবং লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে বেলজিয়াম। মালয়েশিয়া খুঁজছে ফেনীর আলা উদ্দিনকে খুন ও নাটোরের সিরাজ মোস্তফাকে চোরাচালানের অভিযোগে। মুদ্রা জালিয়াতির মতো গুরুতর অভিযোগে ভারত খুঁজছে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তরিকুল ইসলাম, নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলীম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভূঁইয়া এবং চাঁপাইনবাবগঞ্জের শফিকুল ইসলামকে।

এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ আইনের মামলায় আলহাজ মো. শফীকুল ইসলামকে ভারত, অর্থ আত্মসাতের অভিযোগে হানিফকে মালদ্বীপ এবং যৌন নির্যাতন ও অস্ত্র মামলায় জাহিদুল ইসলাম এবং ফজলুল আমীন জাভেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, বাংলাদেশ সরকারও ইন্টারপোলের মাধ্যমে দেশের বহু পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে। বাংলাদেশ যাদের খুঁজছে, তাদের বড় একটি অংশই হত্যা মামলার আসামি।

এই তালিকায় রয়েছেন—ঢাকার নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, নবী হোসাইন, জিসান আহমেদ, তৌফিক আলম, প্রকাশ কুমার, জাফর আহমেদ, সালাউদ্দিন মিন্টু ও নাজমুল আনসার। এছাড়া অন্যান্য জেলার আসামিদের মধ্যে রয়েছেন বাগেরহাটের রবিউল ইসলাম, টাঙ্গাইলের মোহাম্মদ তাজউদ্দীন ও বাবু আহমেদ রাতুল, চট্টগ্রামের ইউসুফ ও সাজ্জাদ হোসেন খান, ফরিদপুরের নাইম খান ইকরাম, বগুড়ার কালা জাহাঙ্গীর ফেরদৌস, গাজীপুরের নুরুল দীপু ও আহাম্মেদ মজনু, কুমিল্লার খন্দকার আব্দুর রশীদ ও রাশেদ চৌধুরী। পাশাপাশি খুলনার শরীফুল হোসাইন ও হারুন শেখ, চট্টগ্রামের আমিনুর রসুল, নেত্রকোনার আব্দুল জাব্বার, বরিশালের গোলাম ফারুক অভি, মুন্সীগঞ্জের রফিকুল ইসলাম, নরসিংদীর মোসলেম উদ্দিন খান এবং গাইবান্ধার চন্দন কুমার রায়কেও খুঁজছে বাংলাদেশ। এর বাইরে জাহিদ হোসেন খোকন, সৈয়দ মো. হাছান আলী, আবুল কালাম আজাদ ও সৈয়দ মো. হোসেনও হত্যা মামলার পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত।

হত্যা ছাড়াও মানব পাচার, প্রতারণা ও জালিয়াতির মতো অপরাধে জড়িতদের খুঁজছে সরকার। চাকরির প্রলোভনে মানব পাচার, আটকে রাখা এবং মুক্তিপণ দাবিতে হত্যার অভিযোগে কিশোরগঞ্জের জাফর ইকবাল, স্বপন, মিন্টু মিয়া, তানজীরুল এবং মাদারীপুরের মোল্লা নজরুল ইসলামকে খোঁজা হচ্ছে। এছাড়া পর্নোগ্রাফির অভিযোগে টাঙ্গাইলের ওয়াসিম, অস্ত্র মামলায় গিয়াস উদ্দিন, নির্যাতনের মামলায় চট্টগ্রামের অশোক কুমার দাশ এবং জালিয়াতির অভিযোগে জামালপুরের আমানুল্লাহ শফিক ও আতাউর রহমানকে খুঁজছে বাংলাদেশ সরকার।

উল্লেখ্য, বিশ্বকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয়কারী এই আন্তর্জাতিক সংস্থাটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বের ১৯৬টি দেশ ইন্টারপোলের সদস্য। আন্তর্জাতিক অপরাধ দমনে সংস্থাটি সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক হিসেবে কাজ করে আসছে।