...|...|...

বিশ্ব

ইতালিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ভয়াবহ সংঘর্ষ, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৩৮
Shares
ইতালিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ভয়াবহ সংঘর্ষ, স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোম, তুরিন ও বোলোগনা শহরে বিক্ষোভ দমনে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে বলে ইতালীয় বার্তা সংস্থা আনসা জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি নিক্ষেপ করলে পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এছাড়া রোমেও একটি মিছিল থেকে বোতল ছোড়া হলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

বোলোগনা শহরে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করলে পুলিশ তাদের হটিয়ে দেয়। একই সাথে মিলান ও ফ্লোরেন্সেও তীব্র উত্তেজনা বিরাজ করে, যেখানে পুলিশ বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলের নির্দিষ্ট কিছু অংশে প্রবেশে বাধা দেয়।

পুলিশের তল্লাশি অভিযান ও স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি

এর পাশাপাশি, গত সপ্তাহের বিক্ষোভের সময় ঘটে যাওয়া সহিংসতার ঘটনার তদন্তের অংশ হিসেবে মিলান, নিকটবর্তী মনজা এবং অন্যান্য ২০টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। আনসার তথ্য অনুযায়ী, এই তল্লাশিগুলো পুলিশকে হামলার হুমকি ও পরিকল্পনা, যানবাহন ভাঙচুর এবং ভবনে অগ্নিসংযোগের অভিযোগে পরিচালিত তদন্তের সাথে সম্পর্কিত।

পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন যে, কর্তৃপক্ষ বিশেষভাবে সংবেদনশীল হিসেবে চিহ্নিত শহরগুলোতে নিরাপত্তা জোরদার করেছে এবং যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় অবস্থান নেওয়া হবে।