...|...|...

বিশ্ব

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব

ইউরোপীয় ইউনিয়নকে কঠোর শুল্কের হুমকি ট্রাম্পের

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:০৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:২৬
Shares
ইউরোপীয় ইউনিয়নকে কঠোর শুল্কের হুমকি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম ‘সহযোগী সদস্য’ করার কোনো প্রস্তাব বাস্তবায়ন করা হলে ইইউর বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপ বা বাণিজ্যে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত হলেও সাম্প্রতিক মাসগুলোতে কানাডার সাথে ওয়াশিংটনের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। এর জেরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক আরও গভীর করার কাজ চালিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে তিনি ব্রাসেলসের সাথে একটি ‘অনন্য জোট’ গড়ার আগ্রহের কথা জানান। এছাড়া গতকাল ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে কানাডার জন্য ‘দরজা খুলে দেওয়ার’ কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, যার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, তারা যদি সেটা করে, যদি আমার কাছে এটি কোনো শত্রুভাবাপন্ন পদক্ষেপ বলে মনে হয়, তবে আমি ইউরোপের ওপর অত্যন্ত গুরুতর শুল্ক আরোপ করব অথবা বহু ক্ষেত্রে তাদের সাথে বাণিজ্য বন্ধ করে দেব।

তিনি আরও বলেন, তাই তারা যদি ওই কাজটি করে, আর ইউরোপ যদি তা খারাপ উদ্দেশ্যে করে—যদি ভালো উদ্দেশ্যে হয়, তবে ঠিক আছে—কিন্তু অসৎ উদ্দেশ্য থাকলে আমরা ইউরোপের ওপর খুব ভারী শুল্ক চাপিয়ে দেব।

এদিকে, আজ সকালে ফ্রান্সের স্ট্রেসবুর্সে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির। তিনি পার্লামেন্টের প্লেনারি মিটিংয়ে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় (বিএসটি সকাল সাড়ে ১০টায়) কানাডার প্রধানমন্ত্রীর এই ভাষণ শুরু হওয়ার কথা রয়েছে এবং তা সরাসরি দেখার ব্যবস্থাও রাখা হয়েছে।