ভিডিও কনটেন্ট তৈরি করে আয় করতে চান, কিন্তু ভালো এডিটিং অ্যাপের সাবস্ক্রিপশন খরচ নিয়ে চিন্তায় আছেন? তাহলে আপনার জন্য কাজে আসতে পারে ইউটিউবের নিজস্ব ভিডিও এডিটিং অ্যাপ ‘ইউটিউব ক্রিয়েট’। এই অ্যাপের সাহায্যে স্মার্টফোন থেকেই তৈরি করা যাবে ইউটিউব শর্টস কিংবা ফেসবুক-ইনস্টাগ্রামের জন্য ছোট ভিডিও বা রিলস। ভিডিও সম্পাদনার অভিজ্ঞতা না থাকলেও রয়েছে সহজ কিছু টুল। কাটছাঁট, মিউজিক, ভয়েসওভার থেকে শুরু করে এআইভিত্তিক কিছু সুবিধাও পাওয়া যায় এতে। ফলে আলাদা এডিটিং সফটওয়্যারের পেছনে বাড়তি অর্থ খরচ না করেই শুরু করতে পারেন নিজের ভিডিও তৈরির কাজ।
ক্রিয়েট যেসব কাজ করবে
ইউটিউব প্ল্যাটফর্মের ভিডিও এডিটিং অ্যাপ ক্রিয়েট। ভিডিও কাটছাঁট, বহু ধরনের ক্লিপ জোড়া, ফিল্টার, ট্রানজিশন, টেক্সট, ভয়েসওভার ও মিউজিক যোগ করার মতো বহুমাত্রিক সুবিধা রয়েছে এতে। ফলে বাড়তি ফি দিয়ে এডিটিং সফটওয়্যার ছাড়াই মোবাইল থেকে ভিডিও তৈরি ও এডিটিং করা যাবে অনায়াসে।
ফ্রিতে এআই দিয়ে রিলস
প্রথমে মোবাইলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ইউটিউব ক্রিয়েট অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তারপর অ্যাপটি খুলে ক্রিয়েট শর্টস বা এডিট উইথ এআই অপশন থাকলে তা নির্বাচন করতে হবে। নিজের গ্যালারি থেকে ছবি ও ভিডিও বেছে নিতে হবে সবার আগে। এরপর এআইকে দিয়ে ভিডিও তৈরি করতে চাইলে জেনারেট ভিডিও অপশনে গিয়ে নিজের পছন্দের কমান্ড করে প্রম্পট লিখতে হবে। এ ক্ষেত্রে অনেকে জেমিনি ওমনির সহায়তায় সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভার্টিক্যাল ক্লিপও তৈরি করতে পারবেন। সম্পাদনা শেষে ভিডিওর দৈর্ঘ্য, অনুপাত, শব্দ ও অন্যসব বিষয় ঠিক করে প্রিভিউ দেখে নেওয়া যাবে। সব ঠিক থাকলে এক্সপোর্ট করে সরাসরি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা যাবে। চাইলে ফোনে সংরক্ষণ করে ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়া অন্যসব সামাজিক মাধ্যমে শেয়ার করা সম্ভব।
সবকিছু এক অ্যাপে
ভিডিওতে ভয়েসওভার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অটো ক্যাপশন ও ট্রানজিশন যোগ করতে হবে। এআই দিয়ে তৈরি ভিডিওটি নিজের মতো করে এডিট করে নিতে পারবেন। সব শেষে ভিডিও প্রিভিউ করে এক্সপোর্ট করতে হবে। প্রয়োজনে সরাসরি ইউটিউবে আপলোড করে নেওয়া যাবে। ডিভাইসে সংরক্ষণ করে অন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে অনায়াসে। তবে ক্রিয়েটরে সাধারণ এডিটিং টুল বিনামূল্যে পাওয়া গেলেও সব এআই ফিচারের জন্য তা উপযুক্ত নয়।
যা কিছু থাকতে হবে
- স্মার্টফোন বা ক্যামেরা: ভালো মানের ভিডিও ধারণ করার জন্য একটি স্মার্টফোন (যেটির ক্যামেরা অন্তত ফুল এইচডি বা 4K সাপোর্ট করে)
- ইন্টারনেট সংযোগ: ভিডিও এডিট ও আপলোড করার জন্য দ্রুতগতির ইন্টারনেট।
- ইউটিউব অ্যাপ বা ইউটিউব ক্রিয়েট অ্যাপ: গুগল বা ইউটিউবের ফ্রি ভিডিও এডিটিং অ্যাপ ইউটিউব ক্রিয়েট অথবা অন্য কোনো মোবাইল এডিটিং অ্যাপ (যেমন- ক্যাপকাট বা কাইনমাস্টার)।
- ছবি ও ভিডিও ক্লিপস: আপনার ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবি এবং ছোট ভিডিও ক্লিপ।
এআই সুবিধা বা এডিটিং টুল: খুব সহজে ভিডিও বা শর্টস বানানোর জন্য এআই টুল বা অ্যাপের সাহায্য


