...|...|...

বিশ্ব

ইউক্রেনের বৃহত্তম মোবাইল কোম্পানির সদর দফতরে রুশ হামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:২২ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৫৭
Shares
ইউক্রেনের বৃহত্তম মোবাইল কোম্পানির সদর দফতরে রুশ হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বৃহত্তম মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান কিয়েভস্টারের সদর দফতরে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৭ সেপ্টেম্বর) কিয়েভে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে কিয়েভস্টার। সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, হামলায় তাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একই দিনে কিয়েভের একটি ডেটা সেন্টারে রাশিয়া দুই দফা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন।

ইউক্রেনের ডিজিটাল বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটির বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের ডেটা সেন্টারেও হামলা চালানো হয়েছে। এতে কিয়েভ ও আশপাশের এলাকার প্রায় এক লাখ পরিবার ইন্টারনেট ও যোগাযোগসেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা অভিযোগ করেছেন, তথ্য আদান-প্রদান ব্যাহত করার লক্ষ্যেই রাশিয়া দেশটির গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলোকে টার্গেট করছে। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে দ্রুত সতর্কবার্তা পাওয়া জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ।

এদিকে, কিয়েভস্টারের পাশাপাশি ভোডাফোন ইউক্রেনের কাছেও হামলার বিষয়ে মন্তব্য চাওয়া হলেও প্রতিষ্ঠানটি কোনো প্রতিক্রিয়া জানায়নি।