...|...|...

বিশ্ব

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে শিশুসহ তিনজনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:০৮
Shares
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে শিশুসহ তিনজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ফ্রান্সের উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় একটি ছোট নৌকা দুর্ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩০ বছর বয়সী দুই নারীও রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফ্রান্সের সাঙ্গাতের ‘ব্লেরিও প্লাজ’ থেকে ১০৫ জন আরোহী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করে। পরে বিপদের সংকেত পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

ফ্রান্সের চ্যানেল ও উত্তর সাগর বিষয়ক মেরিটাইম প্রিফেকচার জানিয়েছে, নৌকায় থাকা অবস্থায় তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হেলিকপ্টারে আসা জরুরি চিকিৎসা দলের সদস্যরা তাদের মৃত ঘোষণা করেন।

পাস-দ্য-কালে প্রিফেকচার জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকায় অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

নৌকায় থাকা বাকি ১০২ জনের মধ্যে নয়জনকে ক্যালে বন্দরে পৌঁছানোর পর চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাস-দ্য-কালের প্রিফেক্ট ফ্রাঁসোয়া-জাভিয়ের লশ এই ঘটনার জন্য মানব পাচারকারী চক্রকে দায়ী করেছেন। তিনি বলেন, এসব চক্র শিশু ও অসহায় মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে বাধ্য করছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকাটি ‘ট্যাক্সি-বোট’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। এ ধরনের নৌকায় ওঠার জন্য অনেক সময় অভিবাসীদের গভীর পানির মধ্য দিয়ে হেঁটে যেতে হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ২১।

প্রতি বছর হাজার হাজার অভিবাসী ফ্রান্স থেকে ছোট নৌকায় করে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। বিশ্বের অন্যতম ব্যস্ত এই নৌপথে প্রতিকূল আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর কারণে প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১৮ হাজার ৬০৯ জন সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ কম। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৩২ হাজার ১৮৮ জন।