...|...|...

রাজনীতি

আ.লীগকে মাঠে ফেরার সাহস দিচ্ছে জামায়াত: রাশেদ খাঁন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৩৭
Shares
আ.লীগকে মাঠে ফেরার সাহস দিচ্ছে জামায়াত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে মাঠে ফেরার সাহস জোগানোর পেছনে জামায়াতে ইসলামী ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি দাবি করেছেন, গত এক মাস ধরে জামায়াত রাষ্ট্রে অস্থিরতা ও উত্তেজনা তৈরির মাধ্যমে আওয়ামী লীগকে আবার মাঠে নামার সুযোগ করে দিয়েছে।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি গুলশানে নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ তুলে ধরে এর দায় জামায়াতের ওপর দেন। একই সাথে প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের মিছিলের পর বিএনপি ও ছাত্রদল যেভাবে প্রতিরোধ মিছিল করেছে, জামায়াত-শিবিরকে সেভাবে মাঠে দেখা যাচ্ছে কি না।

রাশেদ খাঁন লিখেছেন, আওয়ামী লীগ ডিসেম্বরে ফিরতে চায়, আর জামায়াতও ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করতে চায়। বিষয়টি কাকতালীয় কি না, সে প্রশ্নও তোলেন তিনি। একই সাথে অতীতের সম্পর্কের সূত্র ধরে শেখ হাসিনার সাথে জামায়াতের বর্তমান কোনো যোগাযোগ নেই-এমন নিশ্চয়তা নিয়েও প্রশ্ন করেন তিনি।

তিনি আরও বলেন, ‘ক্ষমতার সূত্র অনুযায়ী, ক্ষমতার শত্রু ক্ষমতার বাইরের সবাই।’ তার ভাষ্য অনুযায়ী, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপির অবস্থান রয়েছে।

রাশেদ খানের দাবি, এর আগে জামায়াতের আমির আওয়ামী লীগের নেতাকর্মীদের সাধারণ ক্ষমার কথা বলেছেন। আবার জামায়াতের কোনো কোনো নেতা আওয়ামী লীগ থেকে কেউ দলে যোগ দিলে তার দায়দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন।

পোস্টে জামায়াতের নেতা আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘As a political party, আওয়ামী লীগ ফিরলে আমাদের খুব বেশি আপত্তি নেই।’

এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা প্রকাশ্যে আওয়ামী লীগের সুবিধাভোগীদের দলে নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। সর্বশেষ তুষার ভূইয়াকে দলে নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন রাশেদ খাঁন।

সব মিলিয়ে আওয়ামী লীগকে প্রতিহত করার দায়িত্ব এখন একমাত্র বিএনপির ওপরই পড়েছে বলে মন্তব্য করেন তিনি।