...|...|...

রাজনীতি

ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩১
Shares
ডেঙ্গু প্রতিরোধে ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে জামায়াত

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী এক সপ্তাহের জনসচেতনতামূলক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত ‘জনসচেতনতা সপ্তাহ’ পালন করবে দলটি।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, রবিবার (৪ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচির উদ্বোধন করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি অনুষ্ঠানে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন।

দলটির বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এ রোগে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটছে। জনসচেতনতা ও সাধারণ মানুষের সহযোগিতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার ঠেকানো এবং মশাবাহিত এ রোগ থেকে মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব বলে মনে করে জামায়াত।

এ লক্ষ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

একই সাথে জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।