দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১৪৮ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮২ হাজার ৭৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ১৬৩।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরে দেশের বিভিন্ন এলাকার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৭০ জনের মৃত্যু হয়েছে।


