দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১ হাজার ১৩২ জন। এ সময় নমুনা পরীক্ষায় ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।
নতুন দুই মৃত্যুর ফলে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯ জনে। এর মধ্যে নমুনা পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ১০১ জনের। অর্থাৎ উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে।
উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৫২ জন। এরপর সিলেট বিভাগে ১৭৯ জন, চট্টগ্রামে ৮৬ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮০ জন, বরিশালে ৬০ জন, খুলনায় ৪৪ জন এবং রংপুরে ১৫ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত এক দিনে উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১ হাজার ১৩২ জনের মধ্যে ১ হাজার ৭৭ জনকে ভর্তি করা হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৬৫ জন, চট্টগ্রামে ২৪২ জন, সিলেটে ১২০ জন, বরিশালে ১১৬ জন, খুলনায় ১০৩ জন, ময়মনসিংহে ৭৮ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুরে ২২ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।


