...|...|...

স্বাস্থ্য

একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০১
Shares
একদিনে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৩ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৫ জন রয়েছেন খুলনা বিভাগে। এ ছাড়া ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ২২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৮ জন এবং বরিশাল বিভাগে ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৯৯ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, চলতি বছরের ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৩ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২১ জনের মৃত্যু হয়েছে।