চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় মাদক মামলার আলোচিত আসামি আলমগীরকে গ্রেফতার করতে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত ছুরিকাঘাতে ডবলমুরিং থানার এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ জুলাই) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম মোবিনুল ইসলাম (৩৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৭টি মামলার আসামি, শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আলমগীরকে ধরতে ডবলমুরিং থানার একটি দল আমবাগান এলাকায় অভিযানে যায়। এ সময় ওত পেতে থাকা দুষ্কৃতিকারীরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায় এবং এসআই মোবিনুল ইসলামকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে। হামলায় আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় এসআই মোবিনুলকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে নেওয়া হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ জানান, আসামি আলমগীরকে ধরতে গিয়ে এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

