জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আল্লাহ আমাদের দেশকে সব চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমের হাত থেকে রক্ষা করুন।’
রবিবার (২৭ সেপ্টেম্বর) ফেসবুকে করা এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
জুলাইয়ের কঠিন সময়ে যখন অনেকেই নীরব ছিলেন, সালমান মুক্তাদির তখন প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও বলেছিলেন।

এনসিপির মুখ্য সংগঠক লেখেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি একজন নাগরিককে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে পরিবর্তনটা কোথায়? এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের হাতে পড়ার জন্য মানুষ জুলাইয়ে দাঁড়ায়নি।


