আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমানের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। একই সাথে বিএনপির সাবেক দুই সংসদ সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক জানিয়েছে সংসদ।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।
শোক প্রস্তাবে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী ও মুহম্মদ শফিকুর রহমানের পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আব্দুল হাইয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আব্দুল হাই উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকারের দায়িত্বও পালন করেছিলেন।
এ ছাড়া সাবেক গণপরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার আবু তাহের আবদুল মুনতাকিম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
শোক প্রস্তাবে আরও রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগম, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের মা মোছাম্মাৎ মাকসুদা খানম, লেখক, গবেষক ও চিন্তাবিদ অধ্যাপক সাঈদ উর রহমান এবং সাংবাদিক আমির খসরু।
এ ছাড়া দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণেও সংসদে শোক প্রকাশ করা হয়। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোক প্রস্তাব উত্থাপনের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো বিশিষ্ট ব্যক্তির নাম বাদ পড়ে থাকলে তার নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পাঠানো যাবে। পরবর্তী সময়ে তা শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে।
পরে শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলে প্রয়াত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংসদ সদস্যরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার মোনাজাত পরিচালনা করেন।


