ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এক বছরের নিয়মিত মেয়াদ শেষ হলেও গঠনতন্ত্র অনুযায়ী আপাতত রুটিন দায়িত্ব পালন করবে বর্তমান কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন নির্বাচনের তফসিল ঘোষণা না করা পর্যন্ত কিংবা পরবর্তী ৯০ দিন পর্যন্ত সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের নেতৃত্বাধীন এই কমিটি বহাল থাকবে।
২৮ বছর পর অনুষ্ঠিত ২০১৯ সালের ডাকসু নির্বাচনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ৯ সেপ্টেম্বরের নির্বাচনে জয়ী হয়ে ১৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করেছিল শিবির-সমর্থিত প্যানেল। ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ ৩৬৫ দিন হলেও নির্ধারিত সময়ে নির্বাচন না হলে অতিরিক্ত ৯০ দিন রুটিন কাজ চালানোর বিধান রয়েছে।
সে অনুযায়ী সেপ্টেম্বর (১৪ সেপ্টেম্বর) মেয়াদের এক বছর পূর্ণ হলেও নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাবে বর্তমান কমিটি। তবে এ সময়ে তারা নীতিগত কোনো সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ডাকসুর জিএস এস এম ফরহাদ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জানান, গঠনতন্ত্র অনুযায়ী তারা দায়িত্ব পালন করে যাবেন। তবে এর মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে বর্তমান কমিটির কার্যকারিতা তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে।
এদিকে ডাকসুর মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচনের দৃশ্যমান কোনো পদক্ষেপ বা অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন ও গঠনতন্ত্র সংশোধন নিয়ে সিন্ডিকেটের সভায় আলোচনা হবে। সব ছাত্রসংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে সিনেট ভবনে ডাকসু ও হল সংসদের বর্ষপূর্তি উপলক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দায়িত্ব পালন শেষে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, মেয়াদ শেষে এক দিনও পদে থাকার ইচ্ছা তাদের নেই এবং তারা পরবর্তী নির্বাচিত প্রতিনিধিদের হাতে দ্রুত দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত।


