...|...|...

আইন ও আদালত

আরও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:০৬ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৬
Shares
আরও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম। ফাইল ছবি

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের (গাজী নজরুল) আরও চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গোয়েন্দা পুলিশ (ডিবি) এবার সাত দিনের রিমান্ড চেয়েছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে আসামির উপস্থিতিতে রিমান্ডের আবেদনের ওপর শুনানি হয়। ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সালাউদ্দিন আবেদনটি করেন।

আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, এর আগে চার দিনের রিমান্ডে আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সেই জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে গেছেন বলে দাবি করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, নিহতের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করছে। অন্যদিকে পারিবারিক নানা বিষয় থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তদন্তকারীদের ধারণা। মামলাটিকে অত্যন্ত চাঞ্চল্যকর উল্লেখ করে তদন্ত কর্মকর্তা বলেন, নিরপেক্ষ তদন্ত ও ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আসামিকে আবারও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ জন্য তিনি আরও সাত দিনের রিমান্ড চান। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি এমপি জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। ঘটনার সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।

পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ পায়। ঘরে কয়েকটি চিরকুটও পাওয়া যায়।

ঘটনার পরদিন নিহতের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি করা হয় নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানকে। ওই রাতেই পুলিশ নজরুল ইসলাম ও মাকছুদাকে গ্রেফতার করে।