...|...|...

রাজনীতি

টকশো ছেড়ে রাশেদ খাঁন

আমাকে এখানে ‘ফালতু’ বলা হয়েছে, নির্লজ্জের মতো বসে থাকতে পারি না

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, সকাল ১০:১১
Shares
আমাকে এখানে ‘ফালতু’ বলা হয়েছে, নির্লজ্জের মতো বসে থাকতে পারি না

‘ফালতু লোক’ বলায় টকশো ছেড়ে চলে গেলেন রাশেদ খাঁন। ছবি: টাইমস টুডে

টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে সহ-আলোচকের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আলোচনার একপর্যায়ে সহ-আলোচক ডক্টর আব্দুল মান্নান তাকে ‘ফালতু লোক’ বলে সম্বোধন করলে ক্ষুব্ধ হন তিনি। ওই মন্তব্য প্রত্যাহার এবং এর প্রতিকার দাবি করেন রাশেদ। তবে তাৎক্ষণিক সমাধান না পাওয়ায় শেষ পর্যন্ত লাইভ অনুষ্ঠান থেকে উঠে যান তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনার সময় রাশেদ খাঁন ও ডক্টর আব্দুল মান্নানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। একপর্যায়ে আব্দুল মান্নান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে উদ্দেশ্য করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন। এতে প্রতিবাদ জানিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি তোলেন রাশেদ।

অনুষ্ঠানের সঞ্চালকের কাছে প্রতিকার চেয়ে রাশেদ বলেন, টকশোর মতো জায়গায় এ ধরনের ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আলোচনার পরিবেশে একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা উচিত নয়।

তিনি বলেন, আপনি আমাকে এখানে ফালতু বলেছেন। তারপরও আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো এখানে বসে থাকতে পারি না।

এ সময় আব্দুল মান্নানের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রাশেদ জানান, তিনি রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করেছেন, ব্যক্তিগত আক্রমণ করেননি। কেউ তার বক্তব্যে ভুল খুঁজে পেলে তথ্য-প্রমাণ দিয়ে তা তুলে ধরতে পারেন। প্রয়োজনে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করতেও রাজি আছেন বলে জানান তিনি।

রাশেদ বলেন, তিনি যদি মনে করেন আমি ভুল করেছি, উনি ধরিয়ে দিতে পারেন। প্রয়োজনে এখানে আমি সরি বলব। উনি যদি বলতে পারেন যে রাশেদ খান এখানে এটা ভুল বলেছে তথ্যপ্রমাণসহ, আমি দুঃখ প্রকাশ করব।

তবে নিজের প্রতি করা মন্তব্যের প্রতিকার না পেলে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানান তিনি। সঞ্চালককে একাধিকবার বিষয়টি সমাধানের অনুরোধ করেন রাশেদ। অন্যথায় অনুষ্ঠান থেকে বিদায় দেওয়ার কথাও বলেন।

একপর্যায়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমার নিজেকে যদি আমি নিজে সম্মান করতে না পারি, এই পরিস্থিতিতে উনি আমাকে ফালতু বললেন, এর পরে আমি যদি এখানে বসে থাকি তাহলে তো আমি আসলেই ফালতু। যে ওনার কথা হজম করে আমি এখানে নির্লজ্জের মতো বসে আছি, এটা আমার পক্ষে সম্ভব না।

পরে অনুষ্ঠান চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করে রাশেদ বলেন, ‘না না ভাই, আমি ওনার সাথে শো করব না।’ এ সময় সঞ্চালক তাকে থামানোর চেষ্টা করেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দেন। তবে আব্দুল মান্নানের মন্তব্যের প্রতিকার না হওয়ায় শেষ পর্যন্ত অনুষ্ঠান ছেড়ে উঠে যান তিনি।

টকশোতে আলোচনার শুরুতে রাজনৈতিক সংস্কার, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড এবং কয়েকটি রাজনৈতিক বৈঠক নিয়েও কথা বলেন দুই আলোচক। তবে ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে একপর্যায়ে আলোচনা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়।