...|...|...

খেলা

আবারও রিয়ালে ফিরতে চান লুকা মদ্রিচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:২৫
Shares
আবারও রিয়ালে ফিরতে চান লুকা মদ্রিচ

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে আবারও ফিরতে চান লুকা মদ্রিচ। তবে খেলোয়াড় হিসেবে নয়, ভবিষ্যতে ক্লাবের জন্য কার্যকর কোনো দায়িত্ব নিয়ে ফেরার ইচ্ছা ক্রোয়েশিয়ান এই কিংবদন্তির। শুধু অতীতের পরিচয় কিংবা আবেগের কারণে নয়, নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সত্যিকারের অবদান রাখতে পারবেন এমন ভূমিকাতেই রিয়ালে ফিরতে চান তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন মদ্রিচ। রিয়াল মাদ্রিদের প্রতি আজীবন ভালোবাসা ও সমর্থনের কথা জানিয়ে তিনি বলেছেন, সুযোগ এলে মাদ্রিদে ফিরতে চান। তবে সেই ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াটাকেই শর্ত হিসেবে দেখছেন তিনি।

রিয়াল ছাড়ার পর বর্তমানে ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলছেন মদ্রিচ। নতুন ক্লাবে নিজের সময় নিয়ে সন্তুষ্ট তিনি। মিলান ও সমর্থকদের কাছ থেকে শুরু থেকেই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বলে জানান এই মিডফিল্ডার। শহরটিও তার বেশ পছন্দ হয়েছে।

দুই ক্লাবের তুলনা করতে গিয়ে মদ্রিচ রিয়াল মাদ্রিদকে ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে উল্লেখ করেছেন। ইউরোপিয়ান ফুটবলে এসি মিলানেরও বিশাল ঐতিহ্য রয়েছে বলে মনে করেন তিনি। মিলান নিজেদের পুরোনো শক্তি ফিরে পেলে আবারও শীর্ষ পর্যায়ে ফিরতে পারবে বলেও বিশ্বাস তার।

তবে ভবিষ্যতে রিয়ালে ফেরার বিষয়ে মদ্রিচের অবস্থান বেশ পরিষ্কার। ক্লাবের সাথে তার দীর্ঘ সম্পর্ক থাকলেও শুধু সেই পরিচয়ের কারণে ফিরতে চান না তিনি। বরং এমন কোনো দায়িত্বে ফিরতে চান, যেখানে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ক্লাবের কাজে লাগবে এবং তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অবসরের বিষয়েও এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ৪০ পেরোনো মদ্রিচ। তার কাছে বয়সের চেয়ে মাঠের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। যতদিন নিজের খেলায় সন্তুষ্ট থাকবেন এবং ফুটবল উপভোগ করবেন, ততদিন খেলা চালিয়ে যেতে চান তিনি।

ছয় বছর বয়সে ফুটবলে যাত্রা শুরু করা মদ্রিচের ক্যারিয়ার ইতোমধ্যে তিন দশক পেরিয়েছে। শেষ অধ্যায় যে খুব দূরে নয়, সেটি তিনি জানেন। তবে শরীর ও পারফরম্যান্স যতদিন সঙ্গ দেবে, ততদিন ফুটবল থেকে সরে দাঁড়ানোর কোনো তাড়া নেই এই ক্রোয়েশিয়ান তারকার।