...|...|...

খেলা

মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করেও মুছে দিল বার্সা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:৪২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪৪
Shares
মেসির বিদায়ী পোস্টে মন্তব্য করেও মুছে দিল বার্সা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর বিশ্বজুড়ে যখন তাকে নিয়ে প্রশংসার ঝড়, তখন নীরব বার্সেলোনা। দীর্ঘদিনের এই কিংবদন্তির বিদায়ে কাতালান ক্লাবটি কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধাবার্তা প্রকাশ করেনি। বরং মেসির অবসর ঘোষণার পোস্টে দেওয়া একটি মন্তব্যও পরে মুছে দিয়েছে তারা।

গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান মেসি। এরপর পিএসজি, বায়ার্ন মিউনিখ, নাপোলি, অগসবুর্গসহ বিভিন্ন ক্লাব এবং যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগের বেশ কিছু অ্যাকাউন্ট থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়। অথচ মেসির ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময়ের ক্লাব বার্সেলোনা ছিল অনেকটাই নীরব।

মেসি ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন। এই সময়ে অসংখ্য শিরোপা জয়ের পাশাপাশি ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় লিখেছেন তিনি। তাই আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের মুহূর্তে বার্সার কাছ থেকে বড় ধরনের শ্রদ্ধাবার্তা প্রত্যাশা করেছিলেন ভক্তরা।

তবে মেসির ইনস্টাগ্রাম পোস্টে বার্সেলোনার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি মন্তব্য করা হয়েছিল। সেখানে বলা হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত মেসি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন এবং তার দেশ ও বার্সেলোনা শহর তার উত্তরাধিকার নিয়ে গর্বিত। কিন্তু কিছুক্ষণ পরই সেই মন্তব্যটি সরিয়ে নেয় ক্লাবটি।

এরপর থেকেই মেসির সাথে বার্সেলোনার বর্তমান সম্পর্ক ও ক্লাবটির এমন নীরবতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ২০২১ সালে চুক্তি-সংক্রান্ত জটিলতায় বার্সেলোনা ছাড়ার সময় মেসির কান্নার দৃশ্য এখনও ভক্তদের মনে আছে। সেই মেসির আন্তর্জাতিক বিদায়ে সাবেক ক্লাবের এমন আচরণই এখন নতুন করে আলোচনায়।