শিরোপার লড়াইয়ের পাশাপাশি ড্রেসিংরুমের অন্দরমহলের চরম অশান্তি পিছু ছাড়ছে না রিয়াল মাদ্রিদের। দুই তারকা ফুটবলারের মধ্যে শারীরিক সংঘর্ষের খবরের পর এবার কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। আন্তর্জাতিক ফুটবল সাময়িকী গোল ডটকমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সেরের প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের মূল দলের দুই ফুটবলারের মধ্যে শারীরিক হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ওই দুই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি।
এর আগেও ফেদেরিকো ভালভের্দে ও অরেলিয়াঁ চুয়ামেনির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে হোসে মরিনিও প্রধান কোচের দায়িত্বে ফিরলেও তার কঠোর শৃঙ্খলাবোধ ড্রেসিংরুমের এই গভীর সংকট মেটাতে পারছে না।
এর মধ্যেই নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চোটের কারণে ফ্রান্স জাতীয় দল থেকে বাদ পড়ার পর প্যারিসের নাইটক্লাবে সময় কাটানো এবং পরবর্তীতে সাইক্লিংয়ের ভিডিও পোস্ট করাকে ভালোভাবে নেননি কোচ মরিনিও। স্প্যানিশ দৈনিক মার্কার সাংবাদিক পাবলো পোলো জানান, পুনর্বাসনের সময় এমবাপ্পের এমন অপেশাদার আচরণে মারাত্মক অসন্তুষ্ট রিয়াল বস।
কাদেনা সেরের সাংবাদিক আন্তন মেনার মতে, ড্রেসিংরুমের বর্তমান বরফশীতল পরিবেশ অক্টোবরের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে দলের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। লা লিগায় ইতোমধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে রয়েছে রিয়াল।
তবে সব বিতর্কের মধ্যেও বুধবার থেকে দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে। আগামী শনিবার (১০ অক্টোবর) ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিপক্ষে এবং পরবর্তী বুধবার চ্যাম্পিয়নস লিগে রোমার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।


