...|...|...

সোশ্যাল মিডিয়া

আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো: আসিফ মাহমুদ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৫:০৭
Shares
আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘটনায় প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না কোনোভাবে? মে ২০২৬ এর পদোন্নতির জন্য তো আমার বিরুদ্ধে অনুসন্ধান চলছেই। আবারও প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের যুগ শুরু হলো!’

শনিবার বেলা ১১টার দিকে যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই তা স্থগিতের ঘোষণা দেওয়া হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থীরা। এ সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

পরীক্ষার্থীদের অবরোধের কারণে রাজধানীর মিরপুর সড়ক, মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউ, মানিক মিয়া অ্যাভিনিউ ও টেকনিক্যাল মোড়সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পথচারী ও কর্মজীবী মানুষ।

পরীক্ষা স্থগিতের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অন্যদিকে, প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।