স্পেসএক্স ও টেসলার শেয়ারের মূল্য বাড়ায় এক দিনেই ইলন মাস্কের সম্পদ বেড়েছে ৩০ দশমিক ৬ বিলিয়ন বা ৩ হাজার ৬০ কোটি ডলার। এর ফলে আবারও তার মোট সম্পদের মূল্য ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। একইসাথে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে নিজের অবস্থানও ফিরে পেয়েছেন শীর্ষ ধনী এই ব্যবসায়ী।
ফোর্বসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে সোমবার (৫ অক্টোবর) লেনদেন শুরুর পরই মাস্কের সম্পদের মূল্য ১ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করে। এর আগে গত জুনে প্রথমবার এই মাইলফলক স্পর্শ করেছিলেন মাস্ক। তবে পরবর্তী সময়ে স্পেসএক্স ও টেসলার শেয়ারের দর কমে যাওয়ায় ট্রিলিয়নিয়ারের মর্যাদা হারান তিনি।
মাস্কের সম্পদ বৃদ্ধিতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে স্পেসএক্সের শেয়ারের মূল্যবৃদ্ধি। সোমবার কোম্পানিটির শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ১৭১ ডলারে পৌঁছায়। একই দিনে টেসলার শেয়ারের দামও ১ শতাংশের বেশি বেড়ে ৩৭৮ ডলারে ওঠে।
শেয়ারের দামে এই উত্থানের ফলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে মাস্কের অবস্থান আরও শক্ত হয়েছে। ফোর্বসের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসের সম্পদের মূল্য ৩৭১ দশমিক ৫ বিলিয়ন বা ৩৭ হাজার ১৫০ কোটি ডলার। অর্থাৎ মাস্কের সম্পদের তুলনায় বেজোসের সম্পদ প্রায় ৬২৮ বিলিয়ন বা ৬২ হাজার ৮০০ কোটি ডলার কম।
সম্প্রতি টেসলার গাড়ি সরবরাহ বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। এর পর কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে শুরু করে। এর প্রভাব পড়ে মাস্কের সম্পদেও। শুক্রবার এক দিনেই তার সম্পদ বেড়েছিল ৬১ বিলিয়ন বা ৬ হাজার ১০০ কোটি ডলার।
তবে সোমবার স্পেসএক্সের শেয়ারের বড় উত্থানই মাস্ককে ফের ট্রিলিয়নিয়ারের তালিকায় ফিরিয়ে আনে। মর্গ্যান স্ট্যানলির বিশ্লেষকেরা সম্প্রতি বলেছেন, স্পেসএক্সের শেয়ারের বর্তমান দাম তুলনামূলক কম। পাশাপাশি গত সপ্তাহে কোম্পানিটির স্টারশিপ প্রথমবারের মতো সফলভাবে কক্ষপথে পৌঁছানোর ঘটনাও বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও আলোচনায় রয়েছেন মাস্ক। গত রবিবার তিনি জানান, স্পেসএক্সের এআইভিত্তিক সহযোগী প্রতিষ্ঠান স্পেসএক্সএআইয়ের নাম পরিবর্তন করে ‘স্পেসএক্সএসআই’ করা হবে। ‘সুপার ইন্টেলিজেন্স’ ধারণার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।
মাস্কের মালিকানাধীন চ্যাটবট গ্রোকও এ সময় আলোচনায় এসেছে। তবে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত নাম পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অন্যদিকে, মাস্ককে নিয়ে নির্মিত প্রায় চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’ আগামী শুক্রবার নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। পরিচালক অ্যালেক্স গিবনি নির্মিত এই তথ্যচিত্রে মাস্কের জীবন ও কর্মকাণ্ডকে সমালোচনামূলকভাবে তুলে ধরা হয়েছে। মাস্ক এরই মধ্যে ছবিটির সমালোচনা করেছেন এবং নির্মাতার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন।


