দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন অভিনেত্রী নাজিফা তুষি। এবার মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য ২০২৬ সালের এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের (AWFF) ১২তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এই উৎসবে ‘স্নো লেপার্ড’ পুরস্কারে ভূষিত হয়েছেন তুষি।
এশিয়ার চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শক ও হলিউডের চলচ্চিত্র অঙ্গনের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে আয়োজন করা হয় এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণীয় সম্মাননা ‘স্নো লেপার্ড’ পুরস্কার। এর আগে এ স্বীকৃতি পেয়েছেন ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হংয়ের মতো অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশের নাজিফা তুষির নাম।
‘রইদ’ সিনেমার জন্য এটি তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর স্বীকৃতি। এর আগে কানাডার ‘মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এর ১২তম আসরে সিনেমাটিতে ‘সাদুর বউ’ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি।
আন্তর্জাতিক এই স্বীকৃতি প্রসঙ্গে নাজিফা তুষি বলেন, আমার জন্য এটা অনেক খুশির সংবাদ। যদিও কখনো পুরস্কারের আশায় কাজ করি না। পুরস্কার নয়, কাজটিই আমার কাছে গুরুত্বপূর্ণ। সব সময় ঠিকমতো নিজের চরিত্রটিকে তুলে ধরতে চাই। সেই চরিত্র যদি স্বীকৃতি এনে দেয়, সেটা অবশ্যই ভালো লাগার। অভিনেত্রী হিসেবে এই পুরস্কার অর্জন আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমার এই সুন্দর সময় যেন চলতেই থাকে।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগেও জায়গা করে নিয়েছে ‘রইদ’। ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’-তে নির্বাচিত প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র এটি। এ ছাড়া সিনেমাটি প্রদর্শিত হয়েছে সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি নির্বাচিত হয়েছে ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও।
নাজিফা তুষির এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের পরিচিতি ও সম্ভাবনাকে আরও একবার সামনে নিয়ে এল।


