...|...|...

চট্টগ্রাম

আপন চাচাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:৪৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৩৬
Shares
আপন চাচাকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

কুমিল্লার বুড়িচংয়ে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার অপব্যবহার করে আপন চাচাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতার নাম মাসুদ, যিনি বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। অন্যের জায়গায় অটো গাড়ি চার্জ দেওয়া ও পথ বাঁশের বেড়া দিয়ে আটকে দেওয়াকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে একটি ফাঁকা জায়গায় তার অটোরিকশা চার্জ দিয়ে আসছিলেন। সম্প্রতি অভিযুক্ত বিএনপি নেতা মাসুদ ক্ষমতার দাপট দেখিয়ে ওই জায়গায় বাঁশের বেড়া দিয়ে চলাচলের পথ অবরুদ্ধ করে দেন। এতে বাধ্য হয়ে বিল্লাল হোসেন বেড়াটি সরিয়ে ফেলেন।

বেড়া সরানোর বিষয়টি জানতে পেরে মাসুদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাচার সাথে তীব্র বাকবিতণ্ডায় লিপ্ত হন। কথা কাটাকাটির একপর্যায়ে চাচা বিল্লাল হোসেন তাকে ধাক্কা দিলে মাসুদ চরম উত্তেজিত হয়ে পড়েন। তিনি একাই চাচার ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি লাথি ও শারীরিক নির্যাতন চালান। এতে বিল্লাল হোসেন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হন।

এই ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্য ও জনক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের মতে, বিল্লাল হোসেন সম্পূর্ণ নির্দোষ ছিলেন। রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে মাসুদের এমন জোরজুলুমের কঠোর নিন্দা জানিয়েছেন গ্রামবাসী। দীর্ঘদিন ধরে মাসুদের বিভিন্ন অপকর্ম ও ক্ষমতার দাপটে স্থানীয়রা অতিষ্ঠ বলে জানান তারা।

অনুপায় হয়ে ভুক্তভোগী পরিবার ঘটনাটির ন্যায্য বিচারের আশায় স্থানীয় সমাজপতি ও মুরুব্বিদের দ্বারস্থ হয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্ত বিএনপি নেতা মাসুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।